বাংলাদেশ
প্রতিবেদক: মোঃ সুজন হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারীদের জীবনমান উন্নয়ন এবং তাদের সার্বিক ক্ষমতায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ রোববার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত "জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ" শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী তাঁর বক্তব্যে দেশে চাকরির ক্ষেত্রে নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ তৈরি হয়েছে কিনা, তা খতিয়ে দেখার ওপর জোর দেন। তিনি বলেন, "আমাদের আগে দেখতে হবে, দেশে নারীদের জন্য চাকরির ক্ষেত্রে আদৌ কোনো সমান সুযোগ তৈরি করা সম্ভব হয়েছে কি না।"তিনি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
তাঁর মতে, নারীদের অংশগ্রহণ কেবল রাজনীতিতেই সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং দেশের মূল অর্থনীতির স্রোতধারায় তাদের সম্পৃক্ত করতে হবে। কর্মসংস্থানে নারীদের উপস্থিতি বাড়াতে হলে তাঁদের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও জানান যে, বিএনপি নারীদের জীবনমান উন্নয়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছে, তার জন্য প্রয়োজনীয় বাজেট কোথা থেকে আসবে, সে বিষয়ে দলটি অত্যন্ত বাস্তববাদী এবং সুনির্দিষ্ট চিন্তাভাবনা করেছে। বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার নারীদের জন্য আর্থিক সহায়তা বাড়ানো এবং তাঁদের উৎপাদিত পণ্য বা কাজের মার্কেটিং, ব্র্যান্ডিং ও ডিজাইন সাপোর্ট দেওয়ার মাধ্যমে তাদের জীবনযাত্রার চিত্র পাল্টে দেওয়ার পরিকল্পনা দলের রয়েছে।খেলাধুলা ও সৃজনশীল কাজে নারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, "আমরা গ্রামের নারীদের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছি।
নারীদের সুপ্ত সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমরা বিনিয়োগ করব।"তিনি আশ্বস্ত করেন যে, বিএনপি যেসব প্রতিশ্রুতি দিচ্ছে তা নিছক রাজনৈতিক বক্তব্য নয়, বরং দীর্ঘ বছরের গবেষণার ফসল। আগামীতে দল ক্ষমতায় গেলে এই পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, সিপিডি পরিচালক ড. ফাহমিদা খাতুন, সমাজকর্মী ও উদ্যোক্তা তামারা আবেদ এবং বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বাংলাদেশ নিয়ে আরও পড়ুন


%2022-01-26.webp&w=2048&q=75)






সম্পাদক ও প্রকাশক : আবদুর রশীদ চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক : শাহরীন তামান্নু চৌধুরী। বৃহত্তম কুষ্টিয়া থেকে প্রকাশিত প্রথম দৈনিক। প্রকাশনার ৩৯ তম বর্ষ। মজমপুর, কুষ্টিয়া -৭০০০, মোবাইল : ০১৭১১-৮৬৪৯২৪, রেজিঃ নং-কে এন-২১৪
স্বত্ব © দৈনিক বাংলাদেশ বার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।